নানা আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং। এর আগে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর নতুন বাহিনী গঠনের আইন কার্যকর হয়।
নতুন নামে কার্যক্রম শুরুর পাশাপাশি বাহিনীর লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত লোগোতে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হয়েছে। তবে লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।
এছাড়া র্যাবের আগের ওয়েবসাইটেও লোগোর পরিবর্তন দেখা গেছে। সেখানে বড় করে এসআরবি লেখা হয়েছে এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। তবে ওয়েবসাইটের ইউআরএল ঠিকানা আগেরটিই রয়েছে।
২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠন করা হয়। পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির ভূমিকার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
জুলাই গণ-অভ্যুত্থানের পর র্যাব বিলুপ্তির দাবি ওঠে। তবে শেষ পর্যন্ত বাহিনীটি বিলুপ্ত না করে কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে এসআরবি নামে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম চালু করা হয়েছে।