খালেদা জিয়ার মৃত্যুতে তার তিন আসনের কি হবে জানাল নির্বাচন কমিশন

আজ মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া মারা যান। এর পরপরই প্রশ্ন ওঠে, তার মৃত্যুতে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনের নির্বাচন বাতিল বা স্থগিত হবে কি না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর পর ওই আসনগুলোর নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হলে কমিশন এ তথ্য নিশ্চিত করে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া মারা যান। এর পরপরই প্রশ্ন ওঠে, তার মৃত্যুতে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনের নির্বাচন বাতিল বা স্থগিত হবে কি না।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। সে ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন বাতিল করবেন এবং নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। তবে যেসব প্রার্থী আগের তফসিলে বৈধভাবে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের নতুন করে মনোনয়ন বা জামানত দিতে হবে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি। তাই তার মৃত্যুর কারণে চলমান তফসিলে কোনো প্রভাব পড়বে না। তিনি আরো জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিএনপি আগেই ওই আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি আরপিও দেখে বিস্তারিতভাবে বলা যাবে।

উল্লেখ্য, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়ন জমা দেয়া হয়। একই সঙ্গে ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছে।

আরও