পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ প্রাণহানি

গতকাল লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের চার যাত্রী, বরিশালের উজিরপুরে বাসচাপায় তিন কিশোর এবং নরসিংদী ও চাঁদপুর একজন করে নিহত হয়েছেন।

দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গতকাল লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের চার যাত্রী, বরিশালের উজিরপুরে বাসচাপায় তিন কিশোর এবং নরসিংদী ও চাঁদপুর একজন করে নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। বণিক বার্তার সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

লালমনিরহাট: জেলার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের ঘুণ্টিবাজার এলাকায় ট্রাকচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন নুর আমিন, ফাতুল ইসলাম, মোস্তাকিম ইসলাম ও আনোয়ার হোসেন। পুলিশ জানায়, মহাসড়কের পাশে চায়ের দোকানের সামনে ইজিবাইকটি থামানো ছিল। এ সময় বুড়িমারীগামী একটি খালি ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি ইজিবাইক ও চায়ের দোকানের ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা পাটগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

বরিশাল: জেলার উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন সৌরভ ঢালী (১৪), তাওহীদ ইসলাম (১৩) ও মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল সন্ধ্যায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।

নরসিংদী: জেলার পলাশের পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া এলাকায় জাহাঙ্গীর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের ধারণা, রোববার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। স্থানীয়ভাবে তিনি ‘জাহাঙ্গীর পাগল’ নামে পরিচিত ছিলেন।

চাঁদপুর: জেলার হাজীগঞ্জে প্রাইভেট কারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মক্তবে যাওয়ার সময় সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও