নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নেত্রকোনা অংশের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
প্রকল্পের আওতায় মোট ৩৫৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৭ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে নেত্রকোনা-কেন্দুয়ার আট কিলোমিটার মহাসড়ক ৪৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন করা হবে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কবিরুল আহসান, নেত্রকোনা সওজ বিভাগের বিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস প্রমুখ।