মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ১৩৬ টাকা। গতকাল বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে বিক্রি হওয়া মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী হারুন মীর। ১১ আগস্ট মাছটি ধরা পড়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের ট্রলারে। তিনি বলেন, ‘সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় দাতিনা ভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি। মাছটির দাম অনেক।’ ক্রেতা হারুন মীর বলেন, ‘এ মাছের মণ ৬ লাখ টাকা। সে হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ৩ লাখ ৫৫ হাজার টাকায়। এখন মাছটি বরফ দিয়ে বড় মোকামে নেয়া হবে, সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে।’