সরকার হটানোর আন্দোলনে ইস্পাতকঠিন গণঐক্য সৃষ্টি করার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এজন্য দলকে প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি।
আজ সোমবার (১৬ জানুয়ারি) এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে— যেখানেই গণতন্ত্র সেখানেই বিএনপির অবদান। আর যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্রকে হত্যা। তাই আজকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব নিতে হবে এদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করে ইস্পাতকঠিন গণঐক্য সৃষ্টি করে আগামী দিনে সরকার বিদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হবে।’
এ সময় সরকার বিদায় হওয়ার
আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত
শান্তিপূর্ণভাবে সকল প্রকার আন্দোলন-সংগ্রাম করেছি। আগামী দিনেও শান্তিপূর্ণ,
গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে এ সরকারকে বিদায় করবো।’
মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সমাবেশ হয়। এ সময় যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে আগামী ২৫ জানুয়ারি সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খন্দকার মোশাররফ হোসেন।