কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের পর সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতর থেকে দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের স্থানটি বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
গ্রেফতার দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ব্রাহ্মণপাড়া থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, দীপ রুদ্র পাল ইয়াবা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে সীমান্তের প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘ইয়াবাসহ গ্রেফতার ভারতীয় নাগরিক দীপ রুদ্র পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’