সাজেক পর্যটনকেন্দ্র সড়কে অবরোধ শিথিল থাকবে রোববার

মৌলিক চাহিদা বিবেচনায় (নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ) আগামী রোববার রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্র সড়কে একদিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিল করেছে আন্দোলনরত স্থানীয় দুইটি সংগঠন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বিবৃতিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।

এতে বলা হয়, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন (শুক্রবার পর্যন্ত) ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) একদিনের জন্য শিথিল থাকবে। এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, ১ নভেম্বর (রোববার) এর পর থেকে পূর্বের ন্যায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও