দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঝড়ে কোনো মানুষের ঘর-বাড়ি ভেঙে গেলে প্রথমে সেই ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়। অন্তর্বর্তী সরকারও ঠিক সেই কাজ করেছে। এখন বর্তমান সরকার সেই ভিত্তির ওপর আরো ভালোভাবে কাজ করবে।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ওই সময় ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, ফলে তাদের গ্রহণযোগ্যতা অন্য যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি।
এ সময় দুর্নীতি ও মাদককে দেশের বড় দুই সমস্যা হিসেবে চিহ্নিত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সমাজে মাদকাসক্তি বাড়ছে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা এবং বিকালে খেলাধুলায় যুক্ত হলে মাদক থেকে দূরে থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শিমুলিয়া মুকুট মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউর ইসলাম মাসুদ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরুজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।