ব্রিটিশ-বাংলাদেশী অর্থনীতিবিদ ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশতাক খান বলেছেন, বিগত সরকারের আমলের 'অলিগার্ক'দের হাতে এখনো ক্ষমতা রয়ে গেছে। সেটা পরিবর্তন করতে প্রয়োজন ক্ষমতার বিন্যাস। সে বিন্যাস করতে না পারলে শুধু সাইনবোর্ড পাল্টাবে, কোনো পরিবর্তন আসবে না।
শুক্রবার (৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) বেঙ্গল ইনস্টিটিউট অব পিস অ্যান্ড ইকোনোমিক্স ডেভেলপমেন্টে (বিআইপিইডি) আয়োজিত ‘প্রজাতন্ত্র পুনরুদ্ধার: প্রতিষ্ঠান, প্রণোদনা এবং সংস্কারের যুক্তি পুনর্বিবেচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ কথা বলেন।
মুশতাক খান বলেন, আগে দুইটি রাজনৈতিক দলের ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য ছিল। তখনো দুর্নীতি, খুন সব হতো, তবে সেটার একটি নির্দিষ্ট সীমা ছিল। ২০০৯ সালের পর থেকে সে ক্ষমতাটা একপাক্ষিক হয়ে যায়। সেখান থেকে অলিগার্করা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতাটা পেয়ে যায়। তখন জিডিপি বেড়েছে কিন্তু সেটা নির্দিষ্ট গোষ্ঠী দেখেছে। আমরা দেখিনি। তখন অলিগার্ক ড্রিভেন গ্রোথ মডেল তৈরি হয়। সেখানে যদি আমাদের ক্ষমতার বিন্যাস দরকার হয় তাহলে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে পরিবর্তন করতে হবে।
এসএমই খাতে পরিবর্তনে জোর দেয়ার কথা জানিয়ে মুশতাক খান বলেন, আগামীতে যে সরকার আসবে তাদের জোর করে হলেও পদ্ধতিগত এসএমই খাত তৈরি করতে হবে। ক্ষমতার নতুন উৎস, খাত, কারখানা তৈরি করতে হবে। তরুণদের চীন, কোরিয়া, তুরস্ক থেকে প্রশিক্ষিত করে আনতে হবে।