উৎসব ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই: মজিবুর রহমান মঞ্জু

সারা দেশের মতো ফেনীতে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সরিষাদি বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

ভোট প্রয়োগ করে তিনি সাংবাদিকদের বলেন, উৎসব মুখর এ ভোট রূপান্তরিত বাংলাদেশের পক্ষেই হবে। ঈগল প্রতীক হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রতীক, ইনসাফের প্রতীক। নতুন বাংলাদেশের প্রতীক। সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ উৎসব ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই।

জানা যায়, ফেনী সদর উপজেলার ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে ফেনী-২ আসন গঠিত। এখানে মোট ৪ লাখ ৩৭ হাজার ভোটার রয়েছে।

ফেনী-২ আসনে মোট ১৩ জন প্রার্থী রয়েছে। এরমধ্যে বিএনপির জয়নাল আবেদিন (ধানের শীষ), এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা (ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার (তারা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন (কাচি), বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা (রিকশা), ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম (আপেল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ), গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক), আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) ও স্বতন্ত্র মো. ইসমাইল (ঘোড়া)।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ফেনীর ৩টি সংসদীয় আসনের ৪২৮ ভোট কেন্দ্রে ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার ভোট দেবেন । জেলায় পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছে ৪০ হাজার ৮ জন। আজ সকাল আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও