গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার ছয়মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া এলাকার মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়া চিকিৎসাধীন রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।