এক দফা কমানোর পর দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
এর আগে ২৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
চলতি বছর এ নিয়ে ৯৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৪৬ বার, আর কমেছে মাত্র ৪৮ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের এক প্রতি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট টাকা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।