বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই পাঁচ বছর পর বিএনপি জনগণের কাছে আবার ভোট চাইবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের মেয়াদ এখনো অল্প সময় হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন খাতে পরিবর্তন আনতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। পাঁচ বছর পর জনগণের কাছে সরকারের কাজের হিসাব দেয়া হবে।
গতকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রকাশক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম-১২ আসনের সাংসদ মোহাম্মদ এনামুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জকরিয়াসহ অন্যরা।
প্রতিমন্ত্রী বলেন, ‘আকস্মিক ভারি বর্ষণ ও বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারি সহায়তায় কোনো ত্রুটি হয়ে থাকলে জনগণের কাছে ক্ষমা চাই। প্রধানমন্ত্রীর নির্দেশেই বাঁশখালীতে এসেছি। বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাকে নির্দেশ দেয়া হয়েছে।’
বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার টেন্ডার হয়ে গেছে। কয়েকশ কোটি টাকা ব্যয়ে সড়কটির কাজ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। বাঁশখালীর আরো যেসব রাস্তা সংস্কার বা নির্মাণ প্রয়োজন, সেগুলোর তালিকা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর দলটি ক্ষমতায় এসেছে। সরকারের মেয়াদ এখনো অনেক বাকি। দলের দুর্দিনের নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। আইন ও নিয়মের মধ্যে থেকে চাকরি, বৈধ ডিলারশিপ ও কাজের সুযোগ দেয়া হবে।’