সুন্দরবনে বাঘ গণনা শুরু

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে। এর মধ্যে সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুয়ায়ী বাংলাদেশে সুন্দরবনের বাঘ আছে ১১৪টি। যা ২০১৫ সালে ছিল ১০৬টি ও ২০০৪ সালের জরিপে ছিল ৪০৪টি। সম্প্রতি সুন্দরবনে বারবার বাঘের দেখা মিলছে। এতে ধারণা করা হচ্ছে, বনে বাঘের সংখ্যা বেড়েছে।

সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বনে বাঘ গণনার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বাঘ সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু নাসের মোহসিন হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমাদের একটি দল বনের নদী-খাল জরিপের কাজ শুরু করেছে। ১ জানুয়ারি থেকে ক্যামেরা বসানো শুরু হবে। বনের প্রায় ৮০০টি গ্রিডে ক্যামেরা বসিয়ে বাঘসহ অন্যান্য প্রাণীর ছবি তোলা হবে। ছবিগুলো প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হবে।

আবু নাসের মোহসিন আরো বলেন, আগামী তিন মাস এ ধরনের জরিপ ও ক্যামেরা ট্র্যাপিং চলবে। পরবর্তীতে ২০২৩ সালের নভেম্বরে আবারও একইভাবে জরিপ ও ক্যামেরা ট্র্যাপিং করা হবে। ২০২৪ সালের সালের মার্চের দিকে এর ফলাফল জানা যাবে।

চলতি বছরের ২৩ মার্চ 'সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প' শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। যার ব্যয় ধরা হয়েছিল ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। মেয়াদ ছিল চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত। এ প্রকল্পে দুটি অংশ রয়েছে। যার একটি বাঘ গণনা ও অন্যটি বাঘ সংরক্ষণ। চলতি বছরের অক্টোবর মাস থেকে বাঘ গণনা অংশের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পটির অর্থছাড় হতে বিলম্ব হয়। পরবর্তীতে অক্টোবরের মাঝামাঝি প্রকল্পের বাঘ গণনা অংশের জন্য ৩ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা ছাড় করে পরিকল্পনা কমিশন।

আবু নাসের মোহসিন হোসেন আরো বলেন, পরিকল্পনা কমিশন থেকে অর্থছাড়ের বিষয়টি অনুমোদনের পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কিছু প্রসেস ছিল। সেগুলো সম্পন্ন করে বাঘ গণনার কার্যক্রম শুরু হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে। এর মধ্যে সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুয়ায়ী বাংলাদেশে সুন্দরবনের বাঘ আছে ১১৪টি। যা ২০১৫ সালে ছিল ১০৬টি ও ২০০৪ সালের জরিপে ছিল ৪০৪টি। সম্প্রতি সুন্দরবনে বারবার বাঘের দেখা মিলছে। এতে ধারণা করা হচ্ছে, বনে বাঘের সংখ্যা বেড়েছে।

বন সংরক্ষক বলেন, সুন্দবনের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বাঘের গুরুত্ব সবথেকে বেশি। এই প্রকল্পটি মূলত বাঘের বংশবৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। তবে প্রকল্পের বাঘ সংরক্ষণ অংশের জন্য এখন পরিকল্পনা কমিশন থেকে টাকা ছাড় দেয়নি।

 

আরও