গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে তালা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ঘোষিত সংশোধিত কমিটি ‘অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত’ ও দলীয় আদর্শের পরিপন্থী

গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার জেরে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গাইবান্ধা শহরের থানা পাড়ার অস্থায়ী কার্যালয়ে তালা লাগিয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, সংগঠক অতনু সাহা, আব্দুলাহ জিসান, মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ঘোষিত সংশোধিত কমিটি ‘অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত’ ও দলীয় আদর্শের পরিপন্থী। তাদের ভাষায়, এ কমিটি গাইবান্ধার প্রকৃত তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন করেছে। একজন জাসদ নেতা আহ্বায়ক হওয়ায় ‘জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেঈমানি’ হয়েছে।

এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে সাবেক সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। তিনি জাসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক অতনু সাহা বলেন, খাদেমুল ইসলাম খুদিকে পুনর্বাসিত করায় জুলাই যোদ্ধাদের সন্মান ক্ষুণ্ন হয়েছে। এ কারণে আমরা এনসিপির অস্থায়ী কার্যালয়ে তালা দিয়েছি। এ কমিটি আমরা বাতিল চাই।

গাইবান্ধা জেলা এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

আরও