ঢাকার রাস্তায় কোম্পানিভিত্তিক বাস চালু হচ্ছে রোববার

পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। এ রুটে বর্তমানে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাস চলাচল করছে।

রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১ নভেম্বর ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ছয়টি রুটে বাস পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে নন-এসি বাস এবং বাকি দুটি রুটে চলবে নন-এসি ও এসি বাস। এসব রুটে বাস পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ছয়টি কোম্পানিকে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী রোববার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মতি জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী।

প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর ও টঙ্গী থেকে আজিমপুর। এসব রুটের দৈর্ঘ্য ১৭ দশমিক ১৮ থেকে প্রায় ৩০ কিলোমিটার। রুটভেদে ২০ থেকে ২৫৩টি বাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। এ রুটে বর্তমানে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাস চলাচল করছে। মিরপুরের চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত ১৭ দশমিক ১৮ কিলোমিটার রুটে ১৩৩টি বাস পরিচালনা করবে চিড়িয়াখানা সিটি বাস। বর্তমানে এ রুটে দিশারী, তানজিল ও মেট্রোলিংক পরিবহনের বাস চলছে।

এছাড়া ঘাটারচর থেকে ডেমরা পর্যন্ত ২৪ দশমিক ৪৯ কিলোমিটার রুটে ৭০টি বাস পরিচালনা করবে রমজান আলী এন্টারপ্রাইজ। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২৫ দশমিক ৫ কিলোমিটার রুটে ১৫০টি বাস চালানোর দায়িত্ব দেয়া হয়েছে ফোর স্টার বাস লাইনকে। এ দুটি রুটে বর্তমানে একাধিক কোম্পানির বাস চলাচল করছে।

ঘাটারচর থেকে ধউর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রুটে ১৯০টি বাস পরিচালনা করবে পিএনপি সিটি সার্ভিস। বর্তমানে এ রুটে পরিস্থান ও প্রজাপতি পরিবহনের বাস চলছে। অন্যদিকে টঙ্গী থেকে আজিমপুর পর্যন্ত ২২ দশমিক ৮৯ কিলোমিটার রুটে ২০টি এসি বাস পরিচালনা করবে ঢাকা চাকা।

প্রস্তাবিত পরিকল্পনায় বাস রাখার স্থানও নির্ধারণ করা হয়েছে। গাজীপুরের শিববাড়ী, মিরপুরের চিড়িয়াখানা বা দুয়ারীপাড়া, কেরানীগঞ্জ, ঘাটারচর, ডেমরা, কাঁচপুর ও কামারপাড়াকে বাস রাখার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। শিববাড়ী থেকে আজিমপুর রুটের বাসের ক্ষেত্রে পলাশী মোড় থেকে আজিমপুর অংশে অস্থায়ীভাবে ১০টি বাস রাখার পরিকল্পনা রয়েছে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় কোম্পানিভিত্তিক পরিচালন পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যবস্থায় নির্দিষ্ট রুটে নির্ধারিত কোম্পানির বাস চলাচল করবে। এতে একই রুটে একাধিক কোম্পানির বাসের প্রতিযোগিতা ও বিশৃঙ্খলা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন ব্যবস্থায় বাস পরিচালনা, নির্ধারিত রুট মেনে চলা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করা কতটা সম্ভব হবে, তা কার্যক্রম শুরুর পর বোঝা যাবে।

আরও