কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ধস

প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কাঁচকল কেডিওয়ারি এলাকার বসতবাড়ি ও আবাদি জমি।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে আবারো ধস দেখা দিয়েছে। প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কাঁচকল কেডিওয়ারি এলাকার বসতবাড়ি ও আবাদি জমি। এতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি প্রকল্প জমা দেয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হবে।

গতকাল দুপুরে সরজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশে স্রোতের ঢেউ আছড়ে পড়ছে। এতে বড় বড় ফাটল তৈরি হওয়ায় যেকোনো সময় আরো অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ মিটার বাঁধ নদীতে চলে যায়। এতে সেখানকার বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, ‘রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। এখন আমাদের বাড়িঘর নিয়ে দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।’

খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন পাউবোর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল। সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেয়া হবে।’

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘কাঁচকল কেডিওয়ারি এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এ ভাঙন সমস্যার সমাধান হবে।’

আরও