ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতিতে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।
আজ ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের কালিহাতি উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী।
তাৎক্ষণিকভাবে নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫)।
আহত ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলা মজিবরের ছেলে বাবু একই উপজেলার আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান, সফেদ আলীর ছেলে আলমগীর, ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী, মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ, শহিদুল ছেলে সমেজ, নাটোর জেলার মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস ও নজরুলের ছেলে তুহিন।
পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভোর ৫টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রাান্তের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কে উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া মুমুর্ষু অবস্থায় আরো ৬ জনকে আনা হয়। তারা বর্তমানে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।