সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আলুর দাম কেজিতে ৬ থেকে ৮ টাকা করে বেড়েছে। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম হঠাৎ বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা সিন্ডিকেটে করে আলুর দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কমের কারণেই আলুর দাম বাড়ছে।
রোববার (১৭ আগস্ট) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে। এরপরেও আলুর দাম ঊর্ধ্বমুখী। একসপ্তাহ পূর্বে কার্ডিনাল জাতের আলু ১০টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গুটি জাতের আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে যা একসপ্তাহ পূর্বে ১২ টাকা দরে বিক্রি হয়েছিল।
হিলি বাজারে আলু কিনতে আসা মেহেদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে হঠাৎ কেনো কারণ ছাড়াই আলুর দাম বেড়েছে। বাজারে আলু সরবরাহ পর্যাপ্ত থাকলেও ব্যবসায়ীরা সিন্ডিকেটে করে আলুর দাম বাড়াচ্ছে বলে জানান তিনি।
একই বাজারের আলু বিক্রেতা আব্দুস সালাম বলেন, আলুর মৌসুম শেষের দিকে, অধিকাংশ কৃষকের ঘরে যেসব আলু ছিল তা বিক্রি প্রায় শেষ। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। কৃষকের আলু শেষ হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে স্টোর থেকে আলু বাজারে ছাড়তে শুরু করেছেন ব্যবসায়ীরা। বাড়তি চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীরা স্টোরেই আলুর দাম বাড়িয়ে দিয়েছেন। আমাদেরও বাড়তি দামেই কিনতে হচ্ছে। সরবরাহ বাড়লে আলুর দাম কমে আসবে বলেও জানালেন এ ব্যবসায়ী।