সংসদে শিক্ষামন্ত্রী

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার

মন্ত্রী আরো জানান, শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং একাডেমিক তদারকি জোরদার করা হচ্ছে। আগামী অর্থবছরে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব মূল্যায়নের পরিকল্পনাও রয়েছে

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

জাতীয় সংসদে আজ প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে একাদশ দিনের এ অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা বাড়াতে একাধিক উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা, আর্থিক স্বচ্ছতার জন্য নীতিমালা প্রণয়ন, জাল সনদধারী শিক্ষক চিহ্নিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণে র‍্যাঙ্কিং পদ্ধতি চালুর উদ্যোগ।

শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, সব সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ‘এক শিক্ষক এক ট্যাব’ কর্মসূচি, বিনামূল্যে ইন্টারনেট সুবিধা এবং শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। শিক্ষক স্বল্পতা দূর করতে শূন্য পদের তালিকা সরকারি কর্ম কমিশনে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

মন্ত্রী আরো জানান, শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং একাডেমিক তদারকি জোরদার করা হচ্ছে। আগামী অর্থবছরে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব মূল্যায়নের পরিকল্পনাও রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আরো শক্তিশালী করা হবে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও