কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০-৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া ভবানীপুরের সুলাইমানপুর মহল্লার রবিউল্লাহর ছেলে। তিনি উপজেলার শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌটুপি গ্রামের অবস্থান উপজেলার সাদেকপুর ইউনিয়নে। আধিপত্য বিস্তার নিয়ে ৫৬ বছর ধরে গ্রামটির কর্তাবাড়ি ও সরকারবাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছে। কর্তাবাড়ির নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সরকারবাড়ির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান শেফায়েত উল্লাহ সরকার। গত পাঁচ দশকে বংশ দুটির বিরোধে দুই পক্ষের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মামলা হয়েছে শতাধিক।
সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব জানান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত তারা মিজান মিয়া নামে একজন নিহতের সংবাদ পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।