গাজীপুরে ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঘোষণা ছাড়াই একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এর প্রতিবাদ এবং দ্রুত কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

গাজীপুরে ঘোষণা ছাড়াই একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এর প্রতিবাদ এবং দ্রুত কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মহানগরীর ছয়দানা এলাকার অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ব্যস্ততম এ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, শনিবার সন্ধ্যায় তারা কারখানায় কাজ করে বাড়ি চলে যান। গতকাল সকাল ৮টার দিকে মহানগরের ছয়দানার কারখানায় এসে প্রধান ফটকে লে অফ ঘোষণার চিঠি দেখতে পান। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দ্রুত কারখানাটি খুলে দেয়ার দাবি জানান তারা।

মহানগরের গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে লে-অফ ঘোষণার নোটিস দেখতে পান শ্রমিকরা। পরে তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান। তবে তাদের আহ্বানে অন্য কারখানার শ্রমিকরা রাজি হননি। পরে অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মালিক পক্ষের দেয়া শর্তে শ্রমিকরা রাজি হননি।

আরও