দুনীতির মামলায় দণ্ড ভোগকারী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালকে হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক।
তিনি জানান, কয়েক দিন ধরে আহসান হাবিব কামাল অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য গতকাল সকালে শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সাবেক এ মেয়র কারাগারে প্রবেশের আগেই একাধিক রোগে আক্রান্ত ছিলেন।