দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—
চট্টগ্রাম: গতকাল রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় মাইক্রোবাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন নিয়াজ মোর্শেদ, তার ছোট বোন মিমতা, মামা মো. ফেরদৌস আলম ফিরোজ ও মাইক্রোবাসচালক মো. মুন্না। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে যাচ্ছিল। এ সময় ইউটার্ন নেয়া একটি কাভার্ড ভ্যান এটিকে ধাক্কা দেয়। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
চুয়াডাঙ্গা: সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক সুহান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ফরিদপুর: ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মেহেরপুর: মুজিবনগরের মানিকনগর গ্রামে বাইসাইকেল চালিয়ে মাদরাসায় ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকচাপায় নাবিল হোসেন (১০) নামের তৃতীয় শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
সাতক্ষীরা: পাটকেলঘাটার শাকদাহ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আব্দুল মাজেদ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের কাজিপুরে বালিবাহী ট্রাকের চাপায় নূর জাহান বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে কাজিপুর উপজেলার শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর জাহান বেগম একই এলাকার রুস্তম আলী মণ্ডলের স্ত্রী।