সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সাড়ে ৫৩ হাজার

সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় চার মাসে সাড়ে ৫৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরো এক লাখ ৪১ হাজারের বেশি আসামি গ্রেফতার হয়েছে।

আজ পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো জানা যায়, গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। এই চার মাসে বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন এবং অন্যান্য মামলায় ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন গ্রেফতার হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই সময়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

অভিযান চলাকালে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধার করা ৪৩৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ১০৮টি বন্দুক, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ২৬টি পাইপগান, ১২টি এয়ারগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি এবং ১টি পেনগান।

অস্ত্রের পাশাপাশি পুলিশ চার হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে। এছাড়া ১৬৫টি ম্যাগাজিন, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

একই সময়ে সারা দেশে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশী মদ, ৫৬০ বোতল দেশী মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারের এসব ঘটনায় মোট ২৩ হাজার ২২১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৩৪ হাজার ৪৩ জন।

আরও