দুই দফা কমার পর ভরিপ্রতি ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

এর আগে গতকাল ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করে বাজুর। আর ৬ জুলাই কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ দু্ই দফায় স্বর্ণের দাম কমে ৬ হাজার ৫৯০ টাকা

দেশের বাজারে দুই দফা কমার পর স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সমন্বয় করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করে বাজুর। আর ৬ জুলাই কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ দু্ই দফায় স্বর্ণের দাম কমে ৬ হাজার ৫৯০ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৮৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত বছরে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যেখানে স্বর্ণের দাম ৬৪ বার বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রৌপ্যের দামও। নতুন সিদ্ধান্ত অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম পড়বে ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ এবং সনাতনী পদ্ধতিতে ভরিপ্রতি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ২৯১৬ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৭ দফা। আর গত বছর মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম, যেখানে বেড়েছিল ১০ বার।

আরও