চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল পাচারের অভিযোগ, একজন আটক

লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য মোট ১১৩ টন চাল বরাদ্দ করা হয়েছিল

চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দের চাল বিক্রির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শহরের বিপণীবাগ এলাকা থেকে পাঁচ টন চালসহ একটি পিকআপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে চাল পাচারের অভিযোগের আটক করা হয়েছে।

জব্দ চাল লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।

পরে চালগুলো চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) রাখা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক গোলাম মোস্তফা লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে চাল কেনার দাবি করেছেন ইউনুস নামের এক ব্যক্তি। তিনি জানান, এক লাখ ৪০ হাজার টাকায় পাঁচ টন চাল কিনেছেন। খাদ্য গুদাম থেকে চাল নেয়ার পর সেগুলো জেলার বাইরে নিয়ে যাচ্ছিলেন। পথে প্রশাসনের নির্দেশে পিকআপটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

প্রাপ্ত তথ্য অনুসারে, লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য মোট ১১৩ টন চাল বরাদ্দ করা হয়েছিল।

আরও