সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হুথি বিদ্রোহীদের হামলার পর ফ্লাইট চলাচলে সৃষ্ট বিঘ্নের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ১০৩টি ফ্লাইট স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের কারণে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ফ্লাইটের কারণে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারাদের মধ্যে প্রবাসী বাংলাদেশীরাও রয়েছেন। নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছতে না পারায় চাকরি হারানো ও ভিসার মেয়াদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৪২টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ৬১টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
আর ক্ষতিগ্রস্ত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালামএয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।