গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস

সম্মাননা পেল হ্যামস গার্মেন্টস ও ইডকল

হ্যামস গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান। আর ইডকলের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম

পরিবেশবান্ধব শিল্পায়ন ও জলবায়ু অর্থায়নে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছে হ্যামস গার্মেন্টস লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। হ্যামস গার্মেন্টস আন্তর্জাতিক লিড প্লাটিনাম সার্টিফিকেশনে বিশ্বসেরা স্কোর অর্জন করেছে। অন্যদিকে সৌর হোম সিস্টেমের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসের বিপরীতে কার্বন রাজস্ব হিসেবে ২৩ মিলিয়ন ডলার দেশে আনার কৃতিত্ব দেখিয়েছে ইডকল।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটিকে এ সম্মাননা দেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন।

হ্যামস গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান। আর ইডকলের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম।

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড লিডস রেটিংয়ে ১১০-এর মধ্যে ১০৮ পয়েন্ট অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের এ মূল্যায়নে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে এটি বিশ্বে সর্বোচ্চ স্কোর। জ্বালানি ও পানির সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের পরিবেশগত কার্যকারিতার মতো বিষয় এ মূল্যায়নে বিবেচনা করা হয়।

অন্যদিকে ইডকলের কার্বন রাজস্ব অর্জন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের সম্ভাবনাকে তুলে ধরেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানোর বিপরীতে কার্বন ক্রেডিট থেকে ২৩ মিলিয়ন ডলার দেশে আনার কৃতিত্ব দেখিয়েছে ইডকল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মি. চিংফেং ঝাং, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, টিকে গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফা হায়দার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহীর, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা ও দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আরও