গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি সই

অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের অংশীদারত্ব জোরদারে ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮ কোটি ২১ লাখ টাকার চুক্তি সই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ অর্থায়নে মোট ২০টি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘‌গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে এ অর্থায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইউজিসি কার্যালয়ে এক অনুষ্ঠানে ত্রিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইউজিসি সচিব, অনুদান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা এবং সংশ্লিষ্ট উপপ্রকল্পের প্রধান গবেষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে এ গবেষণা সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অনুদান পাওয়া গবেষকদের বরাদ্দের অর্থ দায়িত্বশীল ও সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং সমাজের বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতে ইউজিসির এ উদ্যোগ একটি মাইলফলক। এ সময় তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তি শিক্ষার বিকাশে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা, উদ্ভাবন ও শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য এশীয় উন্নয়ন ব্যাংককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক গাজী মো. নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

ইউজিসি সূত্রে জানা গেছে, গবেষণা ও উন্নয়ন অনুদান প্রদানের লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়। এতে ১৬২টি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৯টি সরকারি ও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০টি উপপ্রকল্প চূড়ান্ত করা হয়।

অনুদান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

অনুদান বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সর্বোচ্চ ৫টি উপপ্রকল্প, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩টি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি ২টি করে এবং ৮টি বিশ্ববিদ্যালয় একটি করে উপপ্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান পেয়েছে।

পাঁচ বছর মেয়াদি আইসিএসইটিইপি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৮৭ দশমিক ৭২ শতাংশ অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাকি ১২ দশমিক ২৮ শতাংশ বহন করছে বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানে গবেষণা ও উন্নয়ন অনুদানপ্রাপ্ত গবেষক, ইউজিসি ও আইসিএসইটিইপি প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

আরও