জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন। আজ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে।
সফরকালে তিনি শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় রাত ২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও পার্শ্ববৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।