দেশে প্রথমবারের মতো মেটার এআই লাইভ স্কিলিং প্রোগ্রাম চালু

প্রোগ্রামের লক্ষ্য হলো এআই ব্যবহার করে তরুণ ও পেশাদারদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্টআপ ও ডিজিটাল প্রতিষ্ঠানগুলোর বিকাশে সহায়তা করা। এতে স্থানীয় ব্যবসা সম্প্রসারণ ও বিশ্ববাজারে দেশের অবস্থান আরো শক্তিশালী হবে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘এআই লাইভ স্কিলিং’ প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের ঘোষণা দেয়া হয়। এ কর্মসূচি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের সহযোগিতায় বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও ইন্ট্রেগ্রিটি কর্মসূচির আঞ্চলিক প্রধান রুইসি টিও। আরো উপস্থিত ছিলেন মেটার পাবলিক পলিসি ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার, পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার, শিখোর প্রধান নির্বাহী শাহির চৌধুরী, ঢাকা এআই ল্যাবসের প্রধান অলি আহাদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে ৭৫ জনের বেশি অতিথি অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান বিজন ইসলাম।

প্রোগ্রামের লক্ষ্য হলো এআই ব্যবহার করে তরুণ ও পেশাদারদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্টআপ ও ডিজিটাল প্রতিষ্ঠানগুলোর বিকাশে সহায়তা করা। এতে স্থানীয় ব্যবসা সম্প্রসারণ ও বিশ্ববাজারে দেশের অবস্থান আরো শক্তিশালী হবে। পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান, যা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে।

অনুষ্ঠানে শিখোর সিইও শাহির চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দেশের শিক্ষা খাতের পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এআই বড় ভূমিকা রাখতে পারে। তারা এআইকে উৎপাদনশীলতা, সেবা খাতের উন্নয়ন, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় ব্যবহার ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন।

মেটার সাইমন মিলনার বলেন, এ উদ্যোগ তরুণদের এআই টুলস ব্যবহারে প্রশিক্ষণ দেবে ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে।

শিহাব কাদের বলেন, ক্ষুদ্র উদ্যোগগুলোকে সেবা দেয়ার জন্য এআইকে কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।

আয়োজকরা জানিয়েছেন, এ উদ্যোগ দেশের এআই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হবে। আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে।

আরও