সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ১০

পাটকেলঘাটা থানার শাকদা সেতু সংলগ্ন মহাসড়কে আজ সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ দাস (৫৮) শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে

সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস নামের এক পথচারী নিহত হয়েছেন। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

আজ সকাল সাড়ে ৬টার দিকে পাটকেলঘাটা থানার শাকদা সেতু সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ দাস (৫৮) শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে আনন্দ দাস শাকদা সেতু সংলগ্ন মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। ওই সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধাক্কা দেয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। আঘাত পাওয়া যাত্রীরা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সাহায্যকারী পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে।

তিনি আরো জানান, বাসের চালক ও সাহায্যকারীকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। সম্পূর্ণ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আরও