মৌলভীবাজারে সৎবোনকে হত্যার দায়ে দুই ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরো দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ বাধে শ্রীমঙ্গল উপজেলার লৈয়ারকুল গ্রামের মতন মিয়ার সন্তানদের মধ্যে। এ নিয়ে মতন মিয়ার মেয়ে সাবানা বেগম তার সৎ ও চাচাত ভাইদের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। সে মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের বিভিন্ন মেয়াদে সাজা হলো। অন্য আট আসামির মধ্যে তিনজন মারা যান এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে বিলাল মিয়া ও দুলাল মিয়া নিহত সাবানা বেগমের সৎ ভাই। বাকি দুজন চাচাতো ভাই।