লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন ওরফে জুয়েল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গতকাল দিবাগত গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রাতের বেলা দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাগানে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এর পর মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।