চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, কক্সবাজার, শেরপুর ও পটুয়াখালীতে এসব দুর্ঘটনা ঘটে।

দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, কক্সবাজার, শেরপুর ও পটুয়াখালীতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুটি পৃথক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশু আরহাম ও সৌদি প্রবাসী মাহবুবুর রহমান (৬২) নিহত হয়েছেন।

গতকাল দুপুরে হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু আরহাম মারা যায়। এ ঘটনায় শিশুটির মা-বোনসহ চারজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে উত্তর হারবাং পেট্রলপাম্প এলাকায় এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রবাসী মাহবুবুর রহমান নিহত হন। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ: নান্দাইলে বালিবাহী ট্রাক ও পোশাক কর্মীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। গত শনিবার রাতে কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বটতলা গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে ইকবাল হাসান রানা (২৫) ও হারুন অর রশিদ (২০) এবং মল্লিকপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির (৩০)।

শেরপুর: ঝিনাইগাতী উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া সীমান্ত সড়কে গতকাল দুপুরে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝিনাইগাতী থানার ওসি এসএম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পটুয়াখালী: কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের এমডি কোর্সে ছিলেন। গত শনিবার সন্ধ্যায় আজিমপুর বটতলা এলাকায় বেড়ানো শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা।

আরও