রাজশাহীতে ইলিশের দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা

দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর নববর্ষে আলাদা কদর রয়েছে ইলিশের।

এজন্য চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ দেরি। তবে তার আগেই রাজশাহীতে বেড়েছে ইলিশের দাম। হঠাৎ করেই কেজিতে ৩০০-৪০০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই বেড়েছে। এজন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তবে বেচাকেনাও কম।

গতকাল রাজশাহী নগরীর সাহেববাজার, নিউমার্কেট, কোর্ট বাজারসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট আকারের ৪০০ গ্রাম ওজনের ইলিশ সপ্তাহখানেক আগেও বিক্রি হয়েছে ১১০০-১২০০ টাকায়। সেই মাছ আজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪০০-১৬০০ টাকায়। একটু বড় আকারের ৬০০ গ্রাম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। তার চেয়েও বড় আকারের ইলিশের দাম যাচ্ছে ২২০০-২৬০০ টাকা পর্যন্ত।

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, ইলিশ এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

হায়দার রহমান নামের একজন ক্রেতা বলেন, ‌‘প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। তাদের কাছ থেকে ইলিশ কেনা খুব কঠিন। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না। আমি নিজেও ইলিশ না কিনে বাড়ি চলে যাচ্ছি।’

সাহেব বাজারের ক্রেতা লিটন আলী বলেন, ‘অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যেগুলো ১ হাজার টাকায় বিক্রি হতো, এখন সেগুলো ১ হাজার ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ এলেই চাহিদা বাড়ে। তাই দামও বাড়ে। তবে এত বেশি আগে বাড়েনি।’

বিক্রেতা নীরব আলী বলেন, ‘৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মাছের দাম ১ হাজার ৬০০ টাকা বা তার বেশি। তবে বৈশাখের আগে দাম আরো বাড়বে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে প্রতিদিনই দাম বাড়ছে। দাম বাড়তির কারণে মাছের বিক্রিও কমেছে।’ মাছ ব্যবসায়ী রতন ইসলাম বলেন, ‘আগে বড় ইলিশ ২ হাজার টাকার ওপর বিক্রি হতো। এখন কিছুটা কমে ২২০০-২৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবুও সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি। তাই অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছে। এজন্য আমার মাছও কম কিনেছি।’

আরও