টানা চতুর্থ দফায় বাড়ল স্বর্ণের দাম

এর আগে গত ৮ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। তখন প্রতি ভরির দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এ নিয়ে ৩১ জুলাই থেকে চতুর্থ দফায় বাড়ল মূল্যবান এ ধাতবপণ্যের দাম।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। ফলে প্রতি ভরির দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৮৬৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

চলতি বছর এ নিয়ে ১০০ দফা দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৫০বার, আর কমেছে ৪৯ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি বেড়েছে রৌপ্যের দাম। নতুন তালিকা অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম পড়ছে ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রৌপ্যের দাম পড়বে ৩ হাজার ১৪৯ টাকা।

আরও