গত অর্থবছরে (২০২৪-২৫) ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। একই সময়ে ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। গত অর্থবছরে গতকাল পর্যন্ত হিসাব অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআরের দাবি, অটোমেশনের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমেই সহজ ও অধিকতর করদাতাবান্ধব করায় এ সাফল্য এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতাদের নিরবচ্ছিন্ন সেবা দিতে সারা বছর ধরে অনলাইনে রিটার্ন দাখিল ও অনলাইনে তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত ছিল, যা চলমান থাকবে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুল-ত্রুটি দেখা গেলে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারা অনুযায়ী ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ অব্যাহত থাকবে।
নতুন অর্থবছরে (২০২৫-২৬) অনলাইনে রিটার্ন দাখিল সবার জন্য বাধ্যতামূলক করার কথা রয়েছে।
গত অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে সরকারি ও বেসরকারি খাতের কিছু করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে এনবিআর। ফলে অনলাইনে আগের তুলনায় বেশি রিটার্ন জমা পড়ে। এর মধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশকিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মোট ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন। গতকাল পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫১টি কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন নিবন্ধন রয়েছে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বণিক বার্তাকে বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই সম্মানিত করদাতারা ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। আগামী বছরের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার কাজটি আরো সহজ হবে বলে আমি বিশ্বাস করি। করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে এ বছর যে উৎসাহ-উদ্দীপনা দেখেছি, তা আমাদের অভিভূত করেছে। প্রধান উপদেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি নিজে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যের মাধ্যমে ও ভয়েস মেজেস পাঠিয়ে করদাতাদের অনলাইনে রিটার্ন দিতে আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানাই তাদের আর্থিক ও কারিগরি সহায়তার জন্য।’
তিনি আরো বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের আইসিটি টিম ও কলসেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অনলাইন রিটার্ন দাখিল নির্বিঘ্ন করতে অনেক পরিশ্রম করেছেন। আয়কর বিভাগের কয়েকজন মেধাবী কর্মকর্তা অনলাইন রিটার্ন সিস্টেমের ট্রাবল শ্যুটিংয়ের কাজে অক্লান্ত পরিশ্রম করেছেন। অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে এ বছরের অভূতপূর্ব সাফল্যের কৃতিত্ব আমি জাতীয় রাজস্ব বোর্ডের মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তা-কর্মচারীদেরই দেব। সর্বোপরি যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করে এ আয়োজনকে সফল করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’