বকেয়া বেতনসহ ১০ দফা দাবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

বকেয়া বেতন পরিশোধসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা।

বকেয়া বেতন পরিশোধসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। গতকাল সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী এলাকায় তারা মহাসড়কে প্রায় ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ জানায়, কারখানার শ্রমিকরা এখনো সেপ্টেম্বরের বেতন পাননি। কর্তৃপক্ষ ২৩ অক্টোবর বেতন পরিশোধ করা হবে বলে জানায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা গতকালই বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। একপর্যায়ে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন তারা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবি পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। ফলে জীবনযাপন ক্রমেই কষ্টকর হয়ে উঠেছে। প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি তাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হয়, তবে ফের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

শেফার্ড গ্রুপের জিএম মোখলেছুর রহমান বলেন, ‘প্রতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। সেপ্টেম্বরের বেতন চলতি মাসের ২৩ তারিখে দেয়া হবে বলে ঘোষণা দিলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে ২০ অক্টোবর বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেন।’

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খান বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বরের বেতন ২৩ অক্টোবর পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ ২০ অক্টোবরের মধ্যে বেতন দেয়ার সিদ্ধান্ত নিলে কাজে ফিরে যান শ্রমিকরা।’

আরও