ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ-এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, তারাই এর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। অথচ নগদ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে। গত এক দশকের মধ্যে খরচ কমেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়।
আজ রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
নগদ সম্পর্কে একটি মহলের চালানো অপতৎপরতার বিষয়টি টেলিযোগাযোগ মন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান। মন্ত্রী বলেন, নগদ ব্যবহারের কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি শিশু-নারী-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষ ঘরে বসে ডিজিটালভাবে সব ধরনের সরকারি ভাতা পাচ্ছে। এ প্রক্রিয়া ১০০ ভাগ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। তাহলে এতে কার ক্ষতি হচ্ছে?
মোস্তাফা জব্বার আরো বলেন, নগদ-এর জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। তাই কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না।
নগদ-এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে কোনো অনিয়মের স্থান নেই। নগদ দেশের সেবা ও ডাক বিভাগের সেবা, এর সঙ্গেই থাকুন।