নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সেই কলেজছাত্র আকাশকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়। আজ রোববার সকালে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্ত কলেজছাত্রকে রাতে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। নড়াইলের লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, আকাশকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে। লোহাগড়ার দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আকাশকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র ধর্মকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে স্থানীয়দের অভিযোগ। এটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা চালান। পরে দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় রাত ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে আজ সকালে এলাকায় খোঁজ নিয়ে জানা গিয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে মোড়ে মাড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার সদস্যরাও সার্বক্ষণিক ওই এলাকায় অবস্থান করছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধিরাও সেখানে আছেন। দিঘলিয়া সাহাপাড়ার বাসিন্দাদের কেউ কেউ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তাদের অধিকাংশই হামলার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ঘটনার পর থেকে দিঘলিয়া বাজারের দোকান-পাট বন্ধ হয়ে যায়। আজ সকালে কিছু কিছু দোকান খুলেছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দিঘলিয়া বাজারের দোকান-পাট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।