দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ ত্রাণমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা—এ তিন বিষয়ে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা—এ তিন বিষয়ে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতকাল রংপুর সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ে জেলা প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এসব নির্দেশের কথা জানান।

এ সময় মাদক ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথাও তুলে ধরেছেন তিনি। বিভাগের অনেক দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, অন্যান্য বিভাগের তুলনায় রংপুরে অনেক প্রকল্প অন্তর্ভুক্তি হয়নি।

তিনি বলেন, মানুষ যাতে খুব সহজে সেবা পায়, মাঠ প্রশাসনের সঙ্গে সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

দুলু আরো বলেন, বিগত সময়ে রংপুর বিভাগে বৈষম্য হয়েছে। আর এর ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে এবারে যেন কোনো ধরনের বৈষম্য না হয়, বাজেটে সেই চেষ্টা করা হবে।

তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, ‘‌তিস্তা নদী নিয়ে আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প হবে না। তিস্তা খনন বা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিস্তা নদী শাসন ও খননকাজ করা হবে।’

আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। তাই অল্প সময়ের মধ্যে জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে তিস্তা বাস্তবায়ন করা হবে।

এ সময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ প্রশাসন ও বিএনপির নেতারা।

আরও