ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিল দাদুড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল মাছ ধরার উৎসব। পলো ও উচা দিয়ে মাছ ধরার এ উৎসবে অংশ নেয় পাঁচ শতাধিক মানুষ। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার চতুল ও শেখর ইউনিয়নে অবস্থিত বিল দাদুড়িয়ায় মাছ ধরতে শত শত মানুষ আসে। তাদের কারো হাতে পলো, কারো হাতে উচা-জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ ছিল। মাছ ধরতে আসা কয়েকজন জানান, চায়না জালের ব্যবহার ও অপরিষ্কার থাকায় জলাধারটিতে মাছ কমে গেছে। আগের মতো এখন আর মাছ পাওয়া যায় না। আয়োজকদের দাবি, স্থানীয় প্রশাসনের আন্তরিকতা থাকলে উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল বা চায়না দুয়ারি দিয়ে দেশী মাছ শিকার বন্ধ করলে সেসব মাছ রক্ষা পেত। একসময় গ্রাম এলাকায় বর্ষা মৌসুম শেষে পলো দিয়ে নদী ও খাল-বিলে সারিবদ্ধভাবে মাছ ধরতে দেখা যেত। বাংলার সে ঐতিহ্য আজ বিলুপ্তির পথে।