বরিশালে দেবপ্রিয় ভট্টাচার্য

সংস্কারের মাধ্যমে ‘চামচা পুঁজিবাদ’ ভাঙতে হবে

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের সমন্বয়ে অতীতে দেশে একটি গোষ্ঠীতন্ত্র (অলিগার্ক) তৈরি হয়েছিল।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের সমন্বয়ে অতীতে দেশে একটি গোষ্ঠীতন্ত্র (অলিগার্ক) তৈরি হয়েছিল। এ অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলি ‘চামচা পুঁজিবাদ’। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এখানে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্কারের মাধ্যমে এ চোরতন্ত্র ভাঙতে হবে।’

গতকাল বরিশালে আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের পদ্ধতি নিয়ে নগরীর একটি হোটেলে এ সংলাপের আয়োজন করা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছি না। নির্বাচন ক্রমান্বয়ে অনিবার্য ঘটনায় পরিণত হচ্ছে। আমরা নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে সংস্কারের ধারা অব্যাহত থাকুক এবং যে দলগুলো প্রতিশ্রুতি দেবে, সে প্রতিশ্রুতি তাদের রক্ষা করতে হবে। মানুষ কথা বলবে, নেতাদের তা শুনতে হবে। সেজন্য আমাদের কথাগুলো আমাদের বলতে হবে।’

তিনি বলেন, ‘আমরা নারীর বিষয়ে কী চাই, শিশুদের বিষয়ে কী চাই; শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, সুশাসনের বিষয়ে আঞ্চলিক পর্যায়ে আমাদের ভাবনা তুলে ধরতেই এ আয়োজন।’

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস বলেন, ‘এ অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে গ্যাস সরবরাহ জরুরি। ভোলার সঙ্গে পাইপলাইন স্থাপন করা গেলে এখানকার অর্থনীতি গতি পাবে।’

সভায় বক্তারা জনসংখ্যার বদলে দারিদ্র্য ও অনগ্রসরতার ভিত্তিতে বাজেট বরাদ্দের দাবি জানান। এছাড়া উপকূলীয় অঞ্চলের যোগাযোগ, কৃষি ও শিল্পের জন্য বিশেষ বরাদ্দ, নির্বাচনের জামানত কমানো, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অনগ্রসর ‘মান্তা’ সম্প্রদায়ের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়।

আরও