চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পাঁচ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তাদের বয়স আট থেকে বারো বছর। ঘটনাস্থলে নৌ-পুলিশ রয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয়রা জানান, আজ গ্রামে জুমার নামাজের সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।

নদীটি পদ্মার শাখা নদী হলেও স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। বর্ষা ও বৃষ্টির সময় নদীটিতে পদ্মার পানি ঢুকে। বছরের অন্য সময় সেখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ার কারণে মরা নদীতে পানি এসেছে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে গিয়ে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পাঁচ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তাদের বয়স আট থেকে বারো বছর। ঘটনাস্থলে নৌ-পুলিশ রয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

আরও