বগুড়ায় সেমিনারে বক্তারা

এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি খাতে আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। উন্নত উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে শুধু খাদ্যে স্বনির্ভরতা নয়, বাংলাদেশকে একটি শক্তিশালী রফতানিমুখী অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। উন্নত উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে শুধু খাদ্যে স্বনির্ভরতা নয়, বাংলাদেশকে একটি শক্তিশালী রফতানিমুখী অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। এজন্য প্রয়োজন কার্যকর নীতি ও বিনিয়োগ। পাশাপাশি কৃষকের অধিকার রক্ষা করতে হবে—কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে যেন তারা উৎপাদনে উৎসাহ পান এবং টেকসই কৃষি নিশ্চিত হয়। কৃষি খাতের উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হতে পারে।

গতকাল বগুড়ার মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার কীভাবে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন করে দিতে পারে তার বিশদ বর্ণনা দেন। তিনি বলেন, ‘এআই বীজ, সার, কীটনাশক ও পানি ব্যবহারের সঠিক সময় ও পরিমাণ নির্দেশ করে। মোবাইল অ্যাপের মাধ্যমে সেচের সময় বা সারের মাত্রা জানিয়ে খরচ ও অপচয় কমানো যায়। সরাসরি এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে কৃষকরা ভর্তুকির তথ্য পাবেন, যা দালালদের হস্তক্ষেপ রোধ করে স্বচ্ছতা নিশ্চিত করবে। এআই বাজারচাহিদা ও দামের পূর্বাভাস দিয়ে কৃষকদের লাভজনক বিক্রির কৌশল দেবে।’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ কৃষিতে টেকসই উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, প্রযুক্তির মাধ্যমে কৃষি আধুনিকীকরণ ও কৃষকদের বীমা সুবিধায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কৃষি, পরিবেশ ও নগরায়ণ খাতে বিএনপির নীতিগত সংস্কার ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে সরকারি কৃষিপণ্য ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য ও প্রাণিসম্পদ বীমা চালু, রফতানিমুখী কৃষি প্রক্রিয়াকরণে প্রণোদনা, নদী পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। ঢাকাসহ নগরগুলোয় বায়ুদূষণ, পানির সংকট ও যানজট মোকাবেলায় একটি জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ জরুরি। তরুণদের জন্য ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ, বহুমাত্রিক শিল্পায়ন এবং গৃহহীনদের আবাসন নিশ্চিত করতে হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণ অপরিহার্য।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন সিডনি ওয়াটার অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ড. ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, আবহাওয়া ডটকমের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক প্রমুখ।

আরও