বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে মোংলা কবরস্থানে এ পরিবারের ৯ জনকে দাফন করা হয়।
জানাজায় জলবায়ু, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, নিহতদের স্বজনসহ হাজারো মানুষ অংশ নেন।
এছাড়া নিহত কনে পক্ষের চারজনের জানাজা কয়রা উপজেলার নকশা গ্রামে এবং মাইক্রোবাস চালকের জানাজা রামপালে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার পূর্বে বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এটি একটি হৃদয়বিদারক দূর্ঘটনা। প্রধানমন্ত্রী নিহত পরিবারের খোঁজ নিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আব্দুর রাজ্জাক একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তিনিসহ নিহত সবার রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, যে বাড়িতে আজ আনন্দের গল্গু ধারা থাকার কথা, সেখানে আজ বিশাদের ছায়া। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।