রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, শিশুদের স্বজনরা হাসপাতালে আসার কারণ জানতে চাইলে আলম শেখ কোনো সদুত্তর দিতে পারেননি। তখন তারা ক্ষুব্ধ হয়ে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে আলম শেখকে বেধড়ক মারধর করতে থাকেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আলম শেখের মরদেহ উদ্ধার করে তারা।
আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি রাজধানীর রূপনগরের বাসিন্দা। পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।